পাঁচ দফা দাবিতে সারাদেশে ঘোষিত অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের এই সিদ্ধান্ত জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এর আগে বিভিন্ন পেশাগত সমস্যা ও দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে সব ধরনের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
ন্যাম ভবনে জরুরি বৈঠক ও সিদ্ধান্ত
ধর্মঘট আহ্বানের পরই ন্যাম ভবনে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামস সার্বিক বিষয়টি নিয়ে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতাদের সাথে আলোচনায় বসেন। বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আলোচনায় নেতৃবৃন্দের পেশ করা পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরা হয় এবং সরকারের পক্ষ থেকে তা বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
এক মাসের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি
বৈঠক শেষে মালিক সমিতির নেতারা জানান, চাওয়া-পাওয়া ও দাবির বিষয়ে আগামী এক মাসের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
একই সাথে নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, রোগীদের দুর্ভোগ এড়াতে ধর্মঘট তুলে নেওয়া হলেও এক মাসের মধ্যে যৌক্তিক ও ন্যায্য দাবিগুলোর স্থায়ী সুরাহা করতে হবে। অন্যদিকে সরকারের প্রতিনিধিরাও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব কনসার্ন দপ্তরের সঙ্গে আলোচনা করে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে।


